আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করে কথিত কালো জাদুর আচার পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মামলা করেছে উত্তর প্রদেশের পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে একটি শ্মশানের কাছে মোদীর ছবি রাখা অবস্থায় ভিডিওটি ধারণ করা হয়। ছবিটির চারপাশে নারকেল, লেবু এবং কমলা রঙের গুঁড়ার মতো বিভিন্ন সামগ্রী সাজানো ছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।

পুলিশ কর্মকর্তারা জানান, এ ঘটনায় শনিবার দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সাইবার সেলের সহায়তা নেওয়া হচ্ছে।

ঘোষী সার্কেলের কর্মকর্তা সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, অভিযুক্তকে শনাক্ত করার জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

নদীর তীরে কে বা কারা প্রধানমন্ত্রীর ছবি ও ওই সামগ্রী রেখেছিল, ভিডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

তবে এ ঘটনায় এখনো কারও পরিচয় নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts