নিউজ প্রবাসী ডেক্স:
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের মধ্যেই একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের গুদামে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বাধার মুখে পড়ে। দীর্ঘ যানজটে আটকে পড়ায় প্রথমে ইউনিট দুটি ফিরে যেতে বাধ্য হয়।
পরে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো দিক দিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে আবারও রওনা দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, কারখানার ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছিল। কিন্তু শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব না হওয়ায় ইউনিট দুটি ফিরে আসে।
পরবর্তী সময়ে বিজিবির সহায়তায় বিকল্প পথে আগুনের স্থানে যাওয়ার ব্যবস্থা করা হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।