নিউজ প্রবাসী ডেক্স :
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই মেয়েরা ছেলেদের পেছনে ফেলেছে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী অংশ নিয়ে পাস করেছেন ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন। তাদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছেলেদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। এবার ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। বিপরীতে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫২ হাজার ৭৮০ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী পূর্ণাঙ্গ জিপিএ-৫ অর্জন করেছেন।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিকভাবে মেয়েদের ভালো ফলাফল তাদের শিক্ষায় অংশগ্রহণ ও অধ্যবসায়ের ইতিবাচক চিত্র তুলে ধরছে। তবে সামগ্রিক পাসের হার কমে যাওয়ায় শিক্ষার মানোন্নয়ন ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি আরও মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে।