নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের পাঁচলাইশে চাঁদার দাবিতে একটি আবাসিক ভবনের গেটে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ভবনটির মালিকের প্রবাসী ছেলের কাছে সম্প্রতি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর হামজারবাগ এলাকায় রুনা টাওয়ারের গেটে দুই যুবক গিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
পুলিশের ভাষ্য, ভবন মালিক হাজী ইউনুসের দুই ছেলে মধ্যপ্রাচ্যপ্রবাসী। কয়েক দিন আগে তার বড় ছেলের মোবাইলে ইন্টারনেট নম্বর থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার হাসান মোস্তফা স্বপন জানান, দুই যুবক ভবনের প্রহরীর সঙ্গে কথা বলে ফিরে যাওয়ার সময় গেটে গুলি করে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রামের বায়েজিদ ও হামজারবাগ এলাকায় চাঁদার দাবিতে গুলি ও হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। এর আগে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকেও চাঁদা দাবির অভিযোগে হামলা ও গুলির ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, রুনা টাওয়ারে গুলি ছোড়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts