নিউজ প্রবাসী ডেক্স :
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বিপরীতে ৬৬৯টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছে।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। এবার মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
প্রকাশিত ফল অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
গত বছর ৩০ হাজার ৮৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১৩৪টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এবং ৯৮৪টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোনো শিক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি। একই সময়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৩১৫টি।
এবারের ফলাফলে পাসের হারও গত বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একদিকে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাওয়া এবং অন্যদিকে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি শিক্ষার মান ও প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts