নিউজ প্রবাসী ডেক্স:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে অনির্দিষ্টকালের জন্য চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্থানীয় কার্বারী নতুন জয় চাকমা। একই সঙ্গে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতির পদ ছাড়ার পাশাপাশি সংগঠনটির কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া এক লিখিত বক্তব্যে এসব সিদ্ধান্তের কথা জানান নতুন জয় চাকমা। তাঁর ঘোষণার মধ্য দিয়ে সাজেকের চলমান অবরোধ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা অভিযোগ করেন, সাজেকে অবরোধ কর্মসূচির পেছনে ইউপিডিএফের উসকানি ও প্ররোচনা রয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিনের এই কর্মসূচির কারণে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
তিনি আরও অভিযোগ করেন, দলীয় কর্মসূচিতে সাধারণ মানুষকে যুক্ত করতে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। অনেককে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হয়েছে। বিশেষ করে অবরোধের পক্ষে মানুষকে মাঠে নামানোর বিষয়টি তাঁকে উদ্বিগ্ন করেছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
নতুন জয় চাকমার ভাষ্য, ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ গঠন ও পরিচালনার দায়িত্ব তাঁকে দিয়েছিল ইউপিডিএফ। তাঁর অজান্তেই বিভিন্ন সময়ে তাঁর নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একইভাবে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ নামের সংগঠনটিও দলীয় স্বার্থে গঠন করা হয়েছে বলে দাবি তাঁর।
নিজেকে এলাকার মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় দায়িত্বশীল একজন কার্বারী হিসেবে উল্লেখ করে নতুন জয় চাকমা জানান, উদ্ভূত পরিস্থিতিতে তাঁকে নিজ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। সাধারণ মানুষের বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করেই তিনি প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যের শেষাংশে তিনি তিনটি সিদ্ধান্তের কথা জানান। এগুলো হলো—সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ, সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা এবং অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার।
নতুন জয় চাকমা বলেন, তাঁর এ সিদ্ধান্ত ব্যক্তিগত প্রতিশোধ কিংবা রাজনৈতিক বিদ্বেষ থেকে নেওয়া নয়। সাজেকের সাধারণ মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর উদ্দেশ্য। জীবনের ঝুঁকি থাকলেও এলাকার মানুষের বৃহত্তর স্বার্থে সত্য তুলে ধরা এবং ন্যায়সংগত অবস্থানে অটল থাকার কথা জানান তিনি।