নিউজ প্রবাসী ডেক্স :
প্রয়াণের তিন দশক পেরিয়ে গেলেও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর স্মৃতি এখনো অমলিন। প্রয়াণ দিবসে প্রয়াত এই অভিনেতাকে আবেগঘন কথায় স্মরণ করেছেন তাঁর সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধু চিত্রনায়িকা মৌসুমী।
সালমান শাহর মৃত্যুর দিনের কথা স্মরণ করে মৌসুমী জানান, ৩০ বছর পেরিয়ে গেলেও সেই দিনের কথা মনে পড়লে এখনো তাঁর মন ভার হয়ে আসে। হঠাৎ করে প্রিয় বন্ধুর মৃত্যুর খবর সেদিন তাঁর কাছে বিশ্বাস করাই কঠিন ছিল।
মৌসুমী বলেন, বন্ধুকে হারানোর সেই শোক নিয়েই সেদিন তাঁকে শেষ বিদায় জানাতে হয়েছিল। সময় পেরিয়ে গেলেও সালমান শাহর স্মৃতিতে কোনো ভাটা পড়েনি।
অভিনেতার মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনকে অসাধারণ বলে উল্লেখ করেন মৌসুমী। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত স্বল্প সময়ে অভিনয় ও নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে তিনি অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
সালমান শাহর আকস্মিক মৃত্যু নিয়েও মৌসুমীর মনে এখনো প্রশ্ন রয়েছে। জীবনের ও ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে কেন তাঁকে চলে যেতে হলো—এই আক্ষেপও প্রকাশ করেন তিনি।
তবে বন্ধুর সঙ্গে কাটানো সুন্দর সময়গুলোই বেশি মনে করতে চান মৌসুমী। তাঁর স্মৃতিতে এখনো যেন সালমান শাহর সঙ্গে দেখা ও কথোপকথন হয়।
চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। তাঁর সিনেমা ও গান এখনো দর্শকদের কাছে জনপ্রিয়। প্রজন্ম বদলালেও কমেনি তাঁর প্রতি মানুষের ভালোবাসা।