নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার সাভারের আমিনবাজারে এক গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী মদিনা সিটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নামাজে যাওয়ার পথে সড়কে অটোরিকশা রাখা নিয়ে এক গ্যারেজ মালিককে কয়েকজন মারধর করছিলেন। বিষয়টি দেখে আলতাফ হোসেন প্রতিবাদ করলে হামলাকারীরা তার ওপরও চড়াও হন।
আত্মরক্ষার জন্য আলতাফ হোসেন কাছেই থাকা তার ছেলে আরিফুলের গেঞ্জি কারখানায় ঢুকে পড়েন। অভিযোগ, হামলাকারীরা পিছু নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে বাবা-ছেলেকে লাঠি দিয়ে মারধর করে। এ সময় কারখানায় ভাঙচুরও চালানো হয়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার মূলহোতা হিসেবে অভিযুক্ত প্রাইভেটকার চালক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য বিশ্লেষণ করে হামলায় জড়িত ১২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি ১১ জনকে ধরতে অভিযান চলছে।
এদিকে পিবিআই ঢাকা জেলার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ছায়াতদন্ত শুরু করেছে।
আলতাফ হোসেন এসবির মালিবাগ শাখায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাধুপাড়া গ্রামে। পরিবার নিয়ে তিনি সাভারের আমিনবাজারে বসবাস করতেন।