নিউজ প্রবাসী ডেক্স:

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর সিঁদুরের লাল আভায় আনন্দ-বেদনার আবহে নওগাঁয় উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেবী দুর্গাকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতার পাশাপাশি বিবাহিত নারীরা অংশ নেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়।

সকালে শেষবারের মতো দেবীদর্শন, অঞ্জলি প্রদান ও আশীর্বাদ গ্রহণের জন্য মণ্ডপগুলোতে ভিড় করেন ভক্তরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে দেবীর চরণে সিঁদুর নিবেদন করে নারীরা একে অপরের কপাল ও গালে সিঁদুর পরিয়ে দেন। এ সময় ঢাকের তালে, উলুধ্বনি ও শঙ্খের আওয়াজে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। উৎসবের উচ্ছ্বাসের মধ্যেও দেবীকে বিদায় জানানোর মুহূর্তে অনেকের চোখেমুখে ছিল বিষাদের ছাপ।

শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে সিঁদুর খেলায় অংশ নেওয়া স্নেহা সরকার বলেন, ছয় দিন ধরে চলা উৎসবের সমাপ্তিতে মন খারাপ হলেও সিঁদুর খেলার মধ্যে আলাদা আনন্দ রয়েছে। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করেন তাঁরা। আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের আশায় থাকবেন বলে জানান তিনি।

একই মন্দিরের আরেক ভক্ত আরতি সরকার বলেন, সিঁদুর খেলা নারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। এই প্রথার মধ্য দিয়ে তাঁরা একে অপরের মঙ্গল কামনা করেন। পাশাপাশি দেবীর কাছে পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।

এদিকে, বিজয়া দশমী উপলক্ষে নওগাঁ শহরের ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আয়োজন করা হয় বর্ণাঢ্য নৌ-শোভাযাত্রার। দুপুরের পর সুসজ্জিত নৌকায় প্রতিমা তোলার কার্যক্রম শুরু হয়। পরে শোভাযাত্রা শেষে সন্ধ্যায় নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর নওগাঁর ১১টি উপজেলা ও তিনটি পৌরসভা এলাকায় মোট ৮৩৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দেবীর বিদায়ের মধ্য দিয়ে উৎসব শেষ হলেও ভক্তদের মনে রয়ে গেছে আগামী বছর আবারও দুর্গোৎসব ফিরে পাওয়ার প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts