নিউজ প্রবাসী ডেস্ক:
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলসংক্রান্ত বিধিনিষেধের প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১২৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে এখন পর্যন্ত ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাউসার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৫৯টি সরাসরি এবং ৬৭টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
বেবিচক জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফ্লাইট বাতিল হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের যাতায়াত পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।