নিউজ প্রবাসী ডেক্স:
সৌদি আরবের পূর্বাঞ্চলে বিমানবন্দর ও তেল স্থাপনাকে ঘিরে পৃথক হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরব নিউজের প্রতিবেদনে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, দেশটির শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াকরণ স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। তবে ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করা হলেও এর ধ্বংসাবশেষ পড়ে হতাহতের ঘটনা ঘটে।
বুধবার সকালে ড্রোনের ধ্বংসাবশেষ তেলক্ষেত্রের সীমানার বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন গাড়ির ওপর পড়লে তাতে আগুন ধরে যায়। এতে ফিলিপাইন ও নেপালের দুই নাগরিক নিহত হন। আহত হন পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক। তবে এ ঘটনায় তেল স্থাপনাটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, বৃহস্পতিবার ভোররাতে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বুধবার দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে চারটি ড্রোন শনাক্ত করার পর সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগের দিন বুধবার সৌদি আরবের দিকে ছোড়া আরও সাতটি ড্রোন প্রতিহত করার দাবি করেছিল জোট বাহিনী। এর মধ্যে একটি ড্রোন মদিনা অঞ্চলে ধ্বংস করা হয় বলে জানানো হয়।
ক্রমাগত ড্রোন হামলার ঘটনায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমান চলাচল ও জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে হামলাগুলোর পেছনে কারা জড়িত, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।