আন্তর্জাতিক ডেস্ক:
এক সপ্তাহের বেশি সময় ধরে গতিসীমার বিধিনিষেধে ব্যাহত থাকার পর স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের সংযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইন। তবে সেবা পুরোপুরি সচল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ইউক্রেইনের সামরিক বাহিনীর বিরুদ্ধে পরিষেবার শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক দাবি করেন, স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইনের সামরিক বাহিনী। গত সপ্তাহে এ ধরনের ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে ইউক্রেইনের প্রেসিডেন্টের উপদেষ্টা সেরহি বেসক্রেস্তনভ এ অভিযোগ নাকচ করে বলেছেন, মধ্যম ও দীর্ঘপাল্লার আক্রমণাত্মক ড্রোন পরিচালনায় স্টারলিংক ব্যবহারের মতো কারিগরি সক্ষমতা ইউক্রেইনের নেই। এ বিষয়ে দেশটির সেনাসদর বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারশিল্ডের সংযোগের গতি সীমিত করার সিদ্ধান্তের পেছনে কারা ছিল, সে বিষয়ে মাস্ক বা মার্কিন সরকার কেউই প্রকাশ্যে দায় স্বীকার করেনি।
বিধিনিষেধে সামরিক কার্যক্রম ব্যাহত
ইউক্রেইনের কর্মকর্তাদের দাবি, স্টারশিল্ডের সংযোগের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটারে সীমিত করায় রুশ ড্রোন প্রতিরোধে তাদের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে কয়েকটি সামরিক অভিযানও বাতিল করতে হয়েছিল।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শুক্রবার রাত থেকে স্টারলিংক ও স্টারশিল্ডের সংযোগের গতি স্বাভাবিক হতে শুরু করে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেবাটি আবার স্থিতিশীলভাবে কাজ করছে এবং সংযোগের গতি ঘণ্টায় ৪০০ কিলোমিটারের বেশি হয়েছে।
জেলেনস্কির উপদেষ্টা বেসক্রেস্তনভের দাবি, রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলার জন্য ইউক্রেইন স্টারলিংকের ওপর নির্ভর করে না। এসব অভিযানে ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার গতির সংযোগ ব্যবহার করা হয় বলে তিনি উল্লেখ করেন।
তবে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে যোগাযোগ বজায় রাখতে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া স্টারশিল্ডের মাধ্যমে দ্রুতগতির মধ্যম পাল্লার ড্রোন পরিচালনা ইউক্রেইনের সামরিক বাহিনীকে কয়েকটি রণক্ষেত্রে সুবিধা পেতে সহায়তা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।