নিউজ প্রবাসী ডেস্ক:

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হতে পারে। এ ছাড়া বিভিন্ন শ্রেণির আরও প্রায় ৩ হাজার পদসহ মোট প্রায় ১০ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটি ও অসংগতি থাকায় শূন্য পদের প্রকৃত সংখ্যা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ জনবলসংক্রান্ত তথ্য সংগ্রহ করছে অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে সরাসরি স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য যাচাই ও সমন্বয়ের পর নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে প্রায় ১৫০ জন নিয়োগের প্রস্তুতি চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব পদের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে। কয়েকটি এলাকায় নিয়োগপ্রক্রিয়া শেষ হলেও কিছু স্থানে তা এখনো সম্পন্ন হয়নি। কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগের কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।

নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোর জন্য বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক রুমি বলেন, কমিটি নিয়োগ পরীক্ষার নীতিমালা নির্ধারণ করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পিএসসির মানদণ্ড অনুসরণ করা হবে। নিয়োগ কমিটির তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থাও থাকবে।

তিনি জানান, বিসিএস ক্যাডারের চিকিৎসক—মেডিকেল ও ডেন্টাল স্নাতকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়ে থাকে। এ ছাড়া সপ্তম ও নবম গ্রেডের কিছু নন-মেডিকেল পদেও কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক রুমি বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের সন্দেহ দেখা দিলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি। এ পর্যন্ত হওয়া অধিকাংশ বিভাগীয় মামলা কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণসংক্রান্ত।

স্বাস্থ্যসেবায় ব্যবহৃত যন্ত্রপাতির কার্যকারিতা নিশ্চিত করতেও অধিদপ্তর উদ্যোগ নিয়েছে। অব্যবহৃত ও অচল সরঞ্জাম সচল করা এবং প্রয়োজনীয় মেরামত সময়মতো সম্পন্ন করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি দাপ্তরিক চিঠি ও নথি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টিইএমও) এবং বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts