নিউজ প্রবাসী : 

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১০, ঢাকা। সাতটি পদে মোট ৫৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি ১৯ নভেম্বর ২০২৬ প্রকাশিত হয়েছে। পদ অনুযায়ী এসএসসি, এইচএসসি এবং স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদনকারীর বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ১৭ জন নেওয়া হবে অফিস সহায়ক পদে। এ ছাড়া সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন, প্রধান সহকারী পদে ছয়জন এবং উচ্চমান সহকারী পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। ব্যক্তিগত সহকারী পদে দুইজন ও গাড়িচালক পদে একজন নেওয়া হবে।

ব্যক্তিগত সহকারী ও প্রধান সহকারী পদে বেতন গ্রেড-১৩ অনুযায়ী ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। উচ্চমান সহকারী এবং সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে গ্রেড-১৪ অনুযায়ী বেতন ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদে গ্রেড-১৬ অনুযায়ী ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা এবং অফিস সহায়ক পদে গ্রেড-২০ অনুযায়ী ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

স্নাতক ডিগ্রিধারীরা প্রথম চারটি পদের জন্য আবেদন করতে পারবেন। এসব পদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা, ওয়ার্ড প্রসেসিং ও ই-মেইল ব্যবহারের দক্ষতা প্রয়োজন। কয়েকটি পদে বাংলা ও ইংরেজি টাইপিং এবং সাঁটলিপিতে নির্দিষ্ট গতির শর্তও রয়েছে। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি এবং গাড়িচালক ও অফিস সহায়ক পদে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। গাড়িচালক পদের জন্য বৈধ হালকা যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট tax10.teletalk.com.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। শেষ সময় ২১ ডিসেম্বর বিকেল ৪টা।

আবেদন ফি পদভেদে ৫৬ থেকে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। সব পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। নিয়োগপ্রক্রিয়ায় লিখিত পরীক্ষার পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি পদের জন্য ব্যবহারিক বা দক্ষতা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts