নিউজ প্রবাসী ডেস্ক
ব্যবসা পরিচালনায় দুর্নীতি ও অনিয়মের কারণে ব্যয় বেড়ে গেলে তার বোঝা শ্রমিকদের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর প্রশ্ন, ব্যবসায়িক অনিয়মের বাড়তি খরচ মেটাতে শ্রমিকদের ন্যায্য মজুরি কমিয়ে দেওয়া কতটা যৌক্তিক?
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যবসার বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের কারণে উদ্যোক্তাদের অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। কিন্তু সেই ব্যয়ের ক্ষতিপূরণ শ্রমিকদের কম মজুরি দিয়ে আদায়ের চেষ্টা করা উচিত নয়। দুর্নীতি ও সুশাসনের ঘাটতি নিয়ে যারা কথা বলছেন, তাঁদের রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি নিশ্চিতের দাবিও তুলতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা কমিয়ে দুর্নীতির ব্যয় সামাল দেওয়ার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব হলেও এ নিয়ে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি মজুরি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে কি না, সে বিষয়েও তাঁরা অবগত নন।
সময়মতো মজুরি বোর্ড গঠন না করাকে সরকারের রাজনৈতিকভাবে অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন দেবপ্রিয়। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে একই সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যায়নি। এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানানো দরকার ছিল।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে সিপিডির এই ফেলো বলেন, অর্থনীতি বর্তমানে চাপের মধ্যে রয়েছে। উদ্যোক্তারা নানা সংকট মোকাবিলা করছেন। কিন্তু সরকারের আচরণ ও সংসদের কার্যক্রমে অর্থনীতির বাস্তব পরিস্থিতির যথাযথ প্রতিফলন নেই। অর্থনৈতিক ও শ্রমসংক্রান্ত বিষয়গুলো ক্রমেই আইনশৃঙ্খলার ইস্যুতে পরিণত হচ্ছে, পরে রাজনৈতিক রূপ নিচ্ছে। অথচ এ ধরনের পরিস্থিতি কাম্য নয়।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জনগণকে স্বচ্ছভাবে জানানো এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। দেবপ্রিয় বলেন, ২০০৯ সালের জনঅর্থায়ন ও বাজেট ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতি তিন মাস অন্তর সরকারের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেওয়ার বিধান রয়েছে। কিন্তু বাজেট ঘোষণার পাঁচ মাস পেরিয়ে গেলেও অর্থমন্ত্রী এ ধরনের বিবৃতি দেননি।
তাঁর মতে, বিনিয়োগ, বাণিজ্য ও বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে অর্থমন্ত্রীর নিয়মিত বক্তব্য সংসদে উপস্থাপন করা হলে অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়ক হতো। পাশাপাশি দুর্নীতি দমন ও সরকারের ঘোষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নেও অগ্রগতি আনা সম্ভব হতো।
সরকারের সংস্কার কার্যক্রমে ঘাটতির প্রভাব বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতেও পড়ছে বলে মনে করেন দেবপ্রিয়। তিনি বলেন, বাংলাদেশের দুর্বল অবকাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনার অনিয়মের দায় বিদেশি ক্রেতারা নিতে আগ্রহী নন। এসব সমস্যা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সংস্কার জরুরি।
তৈরি পোশাকশিল্পের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য পাওয়া তিন বছরের সময়কে কাজে লাগিয়ে শিল্পের বহুমুখীকরণ করতে হবে। কারণ, দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ একটি খাতের ওপর নির্ভরশীল থাকা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।
মজুরি বাড়লে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর টিকে থাকা কঠিন হবে—এমন যুক্তির জবাবে দেবপ্রিয় বলেন, সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে ব্যবসায়িক ব্যয় বাড়লে তার দায় শ্রমিকদের নিতে হবে কেন? শ্রমিকদের ন্যায্য মজুরি না দেওয়াকে এ সমস্যার সমাধান হিসেবে দেখা যায় না।