নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন। একই সময়ে নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৮৭ জনের।
বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে ১৫২, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, খুলনায় ৩৪ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৯৬৪ জন রোগী চিকিৎসা নিতে আসেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
বর্তমানে দেশে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে। আর পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জন।