নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সরকারি হিসাবে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন, সিলেটে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৩৬ জন।
উপসর্গজনিত মৃত্যুর দিক থেকে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। সেখানে এ পর্যন্ত ৪২৩ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেটে ১৬২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭১, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৩৯ জন রোগী এসেছে। তাদের মধ্যে ১ হাজার ১৬২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৭, চট্টগ্রামে ২৬৬, সিলেটে ১৯৩, বরিশালে ১০৯, খুলনায় ৯৮, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ২৯ এবং রংপুরে ১৯ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।
এই সময়ে নমুনা পরীক্ষায় ২০ হাজার ২০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে হাসপাতাল ও হাসপাতালের বাইরে থাকা সব রোগীর নমুনা পরীক্ষা না হওয়ায় শুধু পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দিয়ে দেশে হামের প্রকৃত বিস্তারের পূর্ণ চিত্র পাওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts