নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে পাল্টা কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। সংগ্রহশালার মেঝেতে জিন্নাহর পাশাপাশি জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছবি সাঁটিয়ে পদদলন করেন তারা।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৮ থেকে ১০ জন শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। তারা সংগ্রহশালার প্রবেশপথের সামনে দুটি এবং ভেতরের মেঝেতে আরও দুটি ছবি সাঁটান।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ওয়াসিম উদ্দিন রাহাত বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় স্থান দেওয়া তারা মেনে নিতে পারেন না। জিন্নাহর পাশাপাশি গোলাম আযমের ছবিও ‘ঘৃণার প্রতীক’ হিসেবে মাটিতে সাঁটানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে সোমবার ডাকসু সংগ্রহশালায় প্রদর্শিত জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানান শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। পরে একই স্থানে গোলাম আযমকে জুতাপেটার একটি ছবি সাঁটিয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের একদল শিক্ষার্থী।
সংস্কারের পর রোববার ডাকসু সংগ্রহশালাটি উদ্বোধন করা হয়। সেখানে জিন্নাহর তিনটি ছবি স্থান পায়। এর একটি ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া তার ভাষণের ছবি, যেখানে তিনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নিয়েছিলেন।
এ নিয়ে ক্যাম্পাসে বিতর্কের সৃষ্টি হয়। বিভিন্ন ছাত্রসংগঠনও জিন্নাহর ছবি প্রদর্শনের বিষয়ে আপত্তি জানায়। অন্যদিকে ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতেই ছবিগুলো প্রদর্শন করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও তদন্ত কমিটি গঠন করেছে। সোমবার উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের পাশাপাশি শেখ মুজিবুর রহমানের একক বা গৌরবোজ্জ্বল ছবি না থাকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। ভাষা আন্দোলন, ছয় দফা, আগরতলা মামলা, উনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন ও ৭ মার্চের ভাষণের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়ে তার ছবি না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও বিভিন্ন ছাত্রসংগঠনের অবস্থানের মধ্যেই নতুন করে গোলাম আযমের ছবি পদদলনের এই কর্মসূচি ক্যাম্পাসের বিতর্ককে আরও জোরালো করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts