নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে ১ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম শনাক্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯৫২ জন। সব মিলিয়ে ছয় মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বাসিন্দা। ঢাকা বিভাগের একজনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল।
বিভাগভিত্তিক হিসাবে হাম ও এর উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৪২৮ জন। এরপর সিলেটে ১৬৭, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৮ জন।
নতুন রোগী ভর্তির মধ্যে ঢাকা বিভাগে ২৪৯, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৪৬, বরিশালে ১০৮, ময়মনসিংহে ৫২, খুলনায় ৪২, রাজশাহীতে ১৬ এবং রংপুরে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
দেশে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা এখন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।
তবে সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। হাসপাতালের বাইরে থাকা উপসর্গযুক্ত ব্যক্তিদেরও অনেক ক্ষেত্রে পরীক্ষার আওতায় আনা সম্ভব হয় না। ফলে দেশে প্রকৃত হাম আক্রান্তের সংখ্যা সরকারি শনাক্তের হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেই ইঙ্গিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts