নিউজ প্রবাসী ডেক্স :
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানানো হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা জানানো হয়। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরও বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে গুলিতে নিহত হন শরীফ ওসমান হাদি। পরে এ মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন। তাদের দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে, ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
এদিনের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
দায়িত্ব নেওয়ার দুই মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এটাই ছিল ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ।