নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি ভোট পড়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতির শপথ পড়াবেন। এর মধ্য দিয়ে তিনি ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।
দীর্ঘ প্রায় চার দশক পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ চলে।
সংসদের ৩০০ আসনের মধ্যে একটি আসনের প্রার্থিতা বাতিল হওয়ায় এবং সংরক্ষিত ৫০ আসনসহ মোট ৩৪৯ জন ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন।
তৃণমূল রাজনীতি থেকে বঙ্গভবন
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল ছাত্রজীবনে বামপন্থি রাজনীতির মধ্য দিয়ে। পরে শিক্ষকতা ও সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।
১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্থানীয় রাজনীতিতে তার অবস্থান শক্ত হয়। ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে আসেন।
২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। দীর্ঘ সময় ধরে দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে মাঠের রাজনীতিতে বিএনপির নেতৃত্ব দিয়ে আসেন তিনি।
২০০১ সালে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়ার সরকারের কৃষি ও বিমান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পান।
বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts