নিউজ প্রবাসী ডেক্স:
বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটের ২০২৬ সালের ফ্যাশন শোতে নজর কেড়েছেন মার্কিন তারকা কাইলি জেনার। প্রায় ৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬১৯ কোটি টাকা মূল্যের বিশেষ ‘ফ্যান্টাসি ব্রা’ পরে র্যাম্পে হাঁটেন তিনি। বিপুল দাম ও ব্যতিক্রমী নকশার এই পোশাক ঘিরে ফ্যাশন অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
তবে ঐতিহ্যবাহী এই বিশেষ পোশাকের মডেল হিসেবে কাইলি জেনারকে কেন বেছে নেওয়া হলো, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। ভিক্টোরিয়াস সিক্রেটের প্রধান সৃজনশীল কর্মকর্তা অ্যাডাম সেলম্যান এ বিষয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন।
‘ভোগ’ ম্যাগাজিনকে তিনি জানান, কাইলির পরিচিতি শুধু ফ্যাশন ও টেলিভিশন জগতে সীমাবদ্ধ নয়। জনপ্রিয় সংস্কৃতি ও বিনোদনের বিভিন্ন ক্ষেত্রেও তার ব্যাপক প্রভাব রয়েছে। ভিক্টোরিয়াস সিক্রেটের জমকালো আয়োজনের সঙ্গে কাইলির এই বহুমাত্রিক পরিচয়ের সামঞ্জস্য রয়েছে বলে মনে করেন তিনি।
সেলম্যানের মতে, কাইলি নিজের স্বতন্ত্র সাংস্কৃতিক অবস্থান তৈরি করতে পেরেছেন, যা সবার পক্ষে সম্ভব হয় না। বিপুলসংখ্যক অনুসারী এবং জনপ্রিয় সংস্কৃতিতে তার প্রভাব বিবেচনায় নিয়েই তাকে এই বিশেষ পোশাক উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচিত মডেলদের বাইরে কাইলির মতো তারকাকে দিয়ে ‘ফ্যান্টাসি ব্রা’ প্রদর্শন দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলেও মনে করেন তিনি।
গত ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালভার সিটিতে সনি পিকচার্স স্টুডিওতে অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়াস সিক্রেটের ২০২৬ সালের ফ্যাশন শো। সেখানেই ২৯ বছর বয়সী কাইলিকে বহুমূল্য এই পোশাকে র্যাম্পে দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫ কোটি ডলার মূল্যের এই ‘ফ্যান্টাসি ব্রা’ এখন পর্যন্ত তৈরি সংস্করণগুলোর মধ্যে সবচেয়ে দামি। এতে বসানো হয়েছে ৪ হাজার ৪১০টি প্রাকৃতিক হীরা। পোশাকটির কেন্দ্রস্থলে রয়েছে ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের একটি হলুদ হীরা, যার আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ ডলার।
বিশেষ এই পোশাক তৈরিতে ১৫ জন কারুশিল্পী এক হাজার ঘণ্টারও বেশি সময় ব্যয় করেছেন। এর ওজন চার পাউন্ডের সামান্য কম। বিলাসবহুল গয়না নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোংয়ের সঙ্গে যৌথভাবে পোশাকটির নকশা করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো।