নিজস্ব প্রতিবেদক :

যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও মানব কল্যাণে” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও কবি ডা. আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলীর পুত্র ও সাবেক ইছালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপসচিব (শিক্ষা) কামরুল ইসলাম রনি, স্বপ্নচারী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইছালী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হারুন-আর-রশিদ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নূরুল হক বীর বিক্রম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী বিশ্বাস, ইছালী মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ শরীফ, সদর উপজেলা কৃষক দলের নেতা শিমুল হোসেন, ব্যাংকার মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা ইকরামুল কবীর লালটু ও আনোয়ার হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাক হাসান। এ বছর বিদ্যালয় থেকে মোট ৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts