নিউজ প্রবাসী ডেক্স :
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাশেদ খাঁনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, তাঁর নিয়োগের মেয়াদ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময়কাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে বহাল থাকবে—যেটি আগে ঘটে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খাঁন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনে দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।