নিউজ প্রবসিী ডেক্স : 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের রানওয়েতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের অবস্থানস্থল থেকে দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।

সিআইআইডির তথ্য অনুযায়ী, প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

এই সোনা চোরাচালানের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে এসব সোনা আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিআইআইডি।

এদিকে পৃথক ঘটনায় কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। এ ঘটনায় ইয়াং ডন সিউ নামে ৪৩ বছর বয়সি এক মালয়েশীয় নাগরিককে আটক করা হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, ওই ব্যক্তির কাছ থেকে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি—মোট নয়টি সোনার বার পাওয়া যায়। ২৪ ক্যারেটের এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান থেকে নামার পর থেকেই ওই যাত্রীর ওপর নজর রাখা হচ্ছিল। ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। পরে তার শার্টের নিচে কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।

কাস্টমস হাউজের ভাষ্য, ওই যাত্রী সোনার বিষয়ে কোনো ঘোষণা দেননি এবং সেগুলোর বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts