বিনোদন প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির মন ভালো নেই। শরতের কাশবন আর আকাশ দেখার ইচ্ছা পূরণ না হওয়ায় সেই আক্ষেপ যেন কাটাচ্ছেন প্রিয় লেখক হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে নীল শাড়িতে তাকে দেখা যায় নান্দনিক সাজে। চুল খোঁপা করে বাঁধা, মুখে মৃদু হাসি। তার হাতে ছিল কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বই ‘তন্দ্রাবিলাস’।

কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো এর পাতা উল্টাতে উল্টাতে ক্যামেরার সামনে ধরা দেন অভিনেত্রী। নীল শাড়ির সঙ্গে তার শান্ত ও স্নিগ্ধ অভিব্যক্তি ছবিগুলোতে আলাদা আবহ তৈরি করেছে।

ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন পরীমনি। বিশেষ করে নীল শাড়িতে তার স্নিগ্ধ উপস্থিতি এবং বই পড়ার মুহূর্তটি নজর কেড়েছে অনুরাগীদের।

এদিকে, অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন তিনি। এর আগে এই নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় কাজ করেছিলেন পরীমনি।

নতুন ওয়েব ফিকশনে পরীমনির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরবও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts