নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে অটোরিকশাচালকদের অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল শুরু হয়েছে। পুলিশের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়ক ছেড়ে যান চালকেরা। তবে শুরুতে যানবাহন চলাচল ছিল ধীরগতির।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন অটোরিকশাচালকেরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তানিয়া সুলতানা জানান, অটোরিকশাচালকদের সঙ্গে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর চালকেরা অবরোধ তুলে নিতে সম্মত হন।
তিনি বলেন, চালকেরা মূল সড়কে অটোরিকশা চালানোর বিষয়ে কথা বলেছেন। তাঁদের জানানো হয়েছে, যেসব সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে, সেসব সড়কেই তা চালাতে হবে। বিষয়টি বুঝিয়ে বলার পর তাঁরা সড়ক ছেড়ে দেন।
অবরোধ প্রত্যাহারের পর মোহাম্মদপুর-বসিলা সড়কে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।