নিউজ প্রবাসী ডেস্ক :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সাজেকে বর্তমানে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সংগঠন দুটির সমর্থকেরা। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয়।
পরে রোববার সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি। তবে এর মধ্যেই পর্যটকদের নিরাপত্তা ও চলাচলসংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্যালি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে। এ অবস্থায় সাজেকে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের প্রশাসনের পরবর্তী ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।