নিউজ প্রবাসী ডেক্স:

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হবে না। ফল প্রকাশের পর দুই মাসের মধ্যেই তাদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে একটি দিন চূড়ান্ত করে ফল প্রকাশের তারিখ নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডে আলোচনা হয়েছে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকেও পরিকল্পনাটি তুলে ধরা হয়েছে। ফল প্রকাশের পর দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, এসএসসি ও এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘ বিরতি কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts