নিউজ প্রবাসী ডেক্স:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়।
রায়ে গ্রামীণ কল্যাণকে করের অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় দেন। ওই রায়ে তিন অর্থবছরের মধ্যে অর্থ পরিশোধের কথা বলা হয়েছিল।
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে কর আদায়ের বিষয়টি নিয়ে এর আগে আদালতে একাধিকবার শুনানি হয়েছে। গত ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ আগের রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করেন এবং মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের আয়কর দাবি নিয়ে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানির পর আদালত এ বিষয়ে রুল জারি করেছিলেন। সম্প্রতি হাইকোর্টের নতুন বেঞ্চ সেই রুল খারিজ করে দেন। ফলে এনবিআরের পক্ষে প্রতিষ্ঠানটির কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পথ উন্মুক্ত হয়েছে।