নিউজ প্রবাসী ডেক্স:
দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত, অবস্থানের সময়, দৈনিক পর্যটকের সংখ্যা এবং জাহাজ চলাচলের স্থান নিয়ে বিদ্যমান বিধিনিষেধ পুনর্বিবেচনা করতে যাচ্ছে সরকার। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নতুন নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত বর্তমান নিয়ম বহাল থাকবে।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সেন্টমার্টিনে পর্যটক গমনসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মন্ত্রী বলেন, দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে পর্যটন পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে দ্বীপের ধারণক্ষমতা, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির প্রাপ্যতা এবং সামুদ্রিক পরিবেশের ওপর পর্যটনের প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মতামত নিয়ে পর্যটন ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।
সভায় জানানো হয়, ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। একই দিন তাঁদের ফিরে আসতে হবে; রাত কাটানোর অনুমতি থাকবে না।