নিউজ প্রবাসী ডেক্স:
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ২২ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের পার্বত্য জেলাসমূহের কার্যালয়ে বদলি করা হয়েছে।
এদিকে, ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একইভাবে ওএসডি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে পুলিশের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয় উল্লেখ রয়েছে। আদেশে বলা হয়েছে, এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।