নিউজ প্রবাসী ডেক্স:

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাওটী রেলস্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকামুখী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনের যাত্রীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে। নাওটী স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের তিনটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন যাত্রী মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

ট্রেনের যাত্রী নাহিদা আক্তার জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। মুহূর্তেই যাত্রীরা একে অপরের ওপর পড়ে যান। কয়েকজন যাত্রী ভিড়ের মধ্যে পদদলিত হন। পরে দ্রুত ট্রেন থেকে নেমে তিনি বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন দুর্ঘটনার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

স্টেশন মাস্টার আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রীদের উদ্ধারে এবং লাইনচ্যুত বগি সরানোর জন্য কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকাজের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কখন নাগাদ ওই পথে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts