আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধসে বালতিস্তান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এতে পর্যটকসহ কয়েক হাজার যাত্রী সড়কের দুই পাশে আটকা পড়েছেন। বৃহস্পতিবার সকালে গিলগিট-বালতিস্তান অঞ্চলের স্কার্দু জেলার রাউন্ডু উপত্যকায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার মধ্য দিয়ে যাওয়া এই মহাসড়কে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। অতীতেও এ সড়কে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। বারবার এমন বিপর্যয় ঘটলেও সড়কটির নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

গিলগিট-বালতিস্তান দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের কারণে সড়কটির ওপর বড় বড় পাথর ও শিলাখণ্ড জমে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। নতুন করে পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে। ভারী যন্ত্রপাতি দিয়ে এসব পাথর সরানো কঠিন হওয়ায় প্রয়োজনে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো অপসারণের পরিকল্পনা করা হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া এই পথে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকাটি অতিক্রমের চেষ্টা না করতেও সতর্ক করা হয়েছে। প্রাথমিকভাবে শুক্রবার পর্যন্ত সড়কটি বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

সিন্ধু নদের পাশ দিয়ে বিস্তৃত ১৬৭ কিলোমিটার দীর্ঘ যুগলোট-স্কার্দু মহাসড়কটি বর্তমানে বালতিস্তান মহাসড়ক নামে পরিচিত। পাকিস্তানের উত্তরাঞ্চলের স্কার্দু, খারমাং, শিগড় ও গানছে জেলার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান পথ এটি। পুনর্নির্মাণের পর ২০২১ সালে সড়কটি উদ্বোধন করা হয়।

তবে ঘন ঘন ভূমিধস, সড়কের পাশে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকা এবং সতর্কতামূলক চিহ্নের ঘাটতির কারণে মহাসড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। সর্বশেষ এই ঘটনায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts