নিউজ প্রবাসী ডেক্স:

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করে।

আইআরজিসির বিবৃতি অনুযায়ী, তাদের অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় ড্রোনটিকে শনাক্ত করে। পরে হরমুজ প্রণালির আকাশে সেটি ভূপাতিত করা হয় বলে দাবি করা হয়েছে।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি একটি চালকবিহীন সামরিক উড়োজাহাজ। এটি দূর থেকে নিয়ন্ত্রণ করে নজরদারি ও সামরিক অভিযানে ব্যবহার করা যায়। দীর্ঘ সময় আকাশে অবস্থান এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতার কারণে ড্রোনটি মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে ড্রোন ভূপাতিতের এ দাবি নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি হওয়ায় এ অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক নৌ চলাচল ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts