নিউজ প্রবাসী ডেক্স:
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শনিবার (২৪ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে না দিলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট নন প্রধান কোচ আকবর হোসেন রিদন।
শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দক্ষতায় এগিয়ে থাকা ওয়েলসের বিপক্ষে রক্ষণ সামলে ম্যাচ শেষ করাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ দল। তবে আক্রমণ গড়ে তোলা এবং বল নিয়ন্ত্রণে বেশ কিছু ভুল হয়েছে বলে মনে করেন কোচ।
ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত ভিডিও বার্তায় আকবর হোসেন রিদন বলেন, খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি। বিশেষ করে বল নিয়ে আক্রমণ সাজানোর সময় বেশ কয়েকটি ভুল হয়েছে। পাশাপাশি ম্যাচে পাওয়া সহজ একটি সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
অন্যদিকে, গোলরক্ষক শ্রীনাথ হালদার দলের রক্ষণভাগের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, ওয়েলসের খেলোয়াড়েরা শারীরিকভাবে বাংলাদেশের চেয়ে শক্তিশালী। তারপরও গোল হজম না করে ম্যাচ শেষ করাই ছিল তাঁর অন্যতম লক্ষ্য। পরবর্তী ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।
আজারবাইজানে আয়োজিত এই প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বিশ্বব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে ফিফা। এতে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। প্রচলিত ফুটবলের সঙ্গে এই আসরের নিয়মেও রয়েছে পার্থক্য। এখানে ম্যাচ হয় ৪০ মিনিটের এবং প্রতি দলে আটজন করে খেলোয়াড় মাঠে নামেন।
ওয়েলসের বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী খেলাগুলোতে ভুল সংশোধনের পরিকল্পনা বাংলাদেশের কোচিং স্টাফের। তবে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছে না দলটি। রোববার বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচে প্রতিপক্ষ পর্তুগাল। পরে রাতে আরও একটি ম্যাচ খেলতে হবে দলকে।
পরপর দুই ম্যাচের আগে মাঠে অনুশীলনের সুযোগ না থাকায় ভিডিও বিশ্লেষণের মাধ্যমে খেলোয়াড়দের ভুলগুলো ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন কোচ। আকবর হোসেন রিদন জানিয়েছেন, ওয়েলসের বিপক্ষে ম্যাচের ভুলগুলো ভিডিও সেশনে পর্যালোচনা করে পর্তুগালের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নেওয়া হবে।