আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের ছোড়া নয়, বরং দেশটির দাবি অনুযায়ী, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ মক্কা-মদিনাসহ কয়েকটি এলাকায় পড়েছে। তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী।
শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে পড়েছে। এর মধ্যে মক্কার বাইরের ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি জনবসতিহীন এলাকা রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর সৌদি কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, পবিত্র দুই নগরীতে হামলার বিষয়ে সৌদি পক্ষের বক্তব্য অসত্য। তবে সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালানোর দাবি করেছে হুথি গোষ্ঠী।
অন্যদিকে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে উপকূলরক্ষী বাহিনীর স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা।
ঘটনাটি ঘিরে সৌদি আরব ও ইয়েমেনের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।