নিউজ প্রবাসী ডেক্স:
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। ফলে এক পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে বাংলাদেশের কিশোর ফুটবল দল।
ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই আসরে অংশ নিচ্ছে ১৯১টি দেশের দল। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতি দলে আটজন খেলোয়াড় নিয়ে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ৬৮ মিটার লম্বা ও ৪৮ মিটার চওড়া মাঠে খেলা হচ্ছে দুই অর্ধে, প্রতিটি অর্ধের দৈর্ঘ্য ২০ মিনিট।
বাংলাদেশ খেলছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। নিজেদের প্রথম ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে পর্তুগাল।
এক ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। বাংলাদেশ ও ওয়েলসের সংগ্রহ এক পয়েন্ট করে। গোল ব্যবধানের ভিত্তিতে দল দুটি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে ফিজি ও ইন্দোনেশিয়া।
সূচি অনুযায়ী, ২৫ অক্টোবর বাংলাদেশের সামনে রয়েছে পর্তুগাল ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ। এরপর ২৬ অক্টোবর আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফল করে গ্রুপে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ থাকবে কিশোর ফুটবলারদের সামনে।
টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে। প্রতিযোগিতা শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে।