নিউজ প্রবাসী ডেক্স:

রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা বাড়াতে বিমানবন্দরের আদলে আধুনিক তল্লাশির সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন ব্যবস্থায় স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্ত করতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং ব্যাগ ও মালামাল পরীক্ষায় লাগেজ স্ক্যানার ব্যবহার করা হবে।

রোববার (২৫ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের জন্য গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এ দরপত্র আহ্বান করেন।

দরপত্রে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশনা পোর্টালে পাওয়া যাবে।

কর্তৃপক্ষের আশা, নতুন সরঞ্জাম স্থাপন করা হলে মেট্রোরেল স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের ব্যাগ ও অন্যান্য মালামাল স্ক্যান করা যাবে। পাশাপাশি শরীরে বহন করা ধাতব বস্তু শনাক্তের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি আরও কার্যকর হবে। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধেও সহায়তা মিলবে।

তবে কতটি যন্ত্র কেনা হবে, প্রথম পর্যায়ে কোন কোন স্টেশনে এগুলো স্থাপন করা হবে এবং কবে থেকে নিয়মিত তল্লাশি শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

এদিকে, একই দরপত্রে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোতে স্থাপিত বৈদ্যুতিক ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। এর আওতায় লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচলব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ করা হবে।

দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts