নিউজ প্রবাসী ডেক্স:
জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে সময় বাংলাদেশে সকাল ৬টা ৫ মিনিট বাজে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে। এ সময় সফরসংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে তাঁরা ঢাকা ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।