নিউজ প্রাবাসী ডেক্স:
২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে ‘প্রজ্ঞা’ বোঝাতে ব্যবহৃত দাঁড়িপাল্লার ছবি নিয়ে বিতর্কের পর সেটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জ্ঞানের পিরামিডে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম থাকলেও কোনো প্রতীক বা আইকন রাখা হবে না।
রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, চারটি স্তরের নাম অপরিবর্তিত থাকবে, তবে প্রতীক বাদ দেওয়া হবে। চলতি বছর এভাবেই বই সরবরাহ করা হবে। পরবর্তী শিক্ষাবর্ষে বিষয়টি আরও পরিমার্জনের উদ্যোগ নেওয়া হবে, যাতে বইয়ে কোনো ভুল তথ্য না থাকে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ছাপানো বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠায় নতুন করে ছাপানো পরিমার্জিত পৃষ্ঠা যুক্ত করা হবে। এরপর শিক্ষার্থীদের কাছে বই সরবরাহ করা হবে। পুরো বই পুনরায় ছাপানোর পরিবর্তে এ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, যাতে অতিরিক্ত ব্যয় ও সময় কমানো যায়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল এনসিটিবি। একই সঙ্গে মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে প্রতীক পরিবর্তনের পর পুনরায় বিতরণের উদ্যোগ নেওয়া হয়। তবে দাঁড়িপাল্লার পরিবর্তে কোন প্রতীক ব্যবহার করা হবে, তা তখনো চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে শনিবার প্রেস মালিকদের সঙ্গে বৈঠক করে এনসিটিবি। বৈঠকে বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠার ওপর নতুন করে ছাপানো পরিমার্জিত পৃষ্ঠা যুক্ত করার বিষয়ে আলোচনা হয়। কয়েকজন প্রেস মালিকও এ প্রক্রিয়ায় সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
বইয়ে যেভাবে ছিল দাঁড়িপাল্লা
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের মাধ্যমে চারটি স্তর ব্যাখ্যা করা হয়েছে। নিচ থেকে পর্যায়ক্রমে স্তরগুলো হলো—উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা। প্রতিটি স্তর বোঝাতে আলাদা প্রতীক ব্যবহার করা হয়েছিল। উপাত্তের জন্য বৃত্তাকার প্রতীক, তথ্যের জন্য পরমাণু বা নেটওয়ার্কের মতো চিহ্ন, জ্ঞানের জন্য মানুষের মস্তিষ্ক এবং প্রজ্ঞার জন্য দাঁড়িপাল্লার ছবি রাখা হয়েছিল।
এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে। এর বেশির ভাগের মুদ্রণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষের জন্য সব শ্রেণি মিলিয়ে প্রায় ৩১ কোটি বই ছাপানোর কাজ চলছে।
এর আগে ২০২৫ শিক্ষাবর্ষের পরিমার্জিত ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়েও প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ছিল। তবে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে থাকা বইয়ে এ স্তর বোঝাতে মানুষের মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে আবার দাঁড়িপাল্লার ছবি যুক্ত হওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটেই প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।