নিউজ প্রবাসী ডেক্স:

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইস ইনাসিও লুলা দ্য সিলভা পুনর্নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নেতারা। তাঁদের বার্তায় গণতন্ত্রের প্রতি সমর্থন, ব্রাজিলের জনগণের নির্বাচনী সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা উঠে এসেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যমে লুলাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, গণতন্ত্র দীর্ঘজীবী হোক এবং ব্রাজিলের জনগণের জয় হোক।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল লুলার বিজয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই জয় ব্রাজিলের জনগণের শান্তি, সার্বভৌমত্ব ও সামাজিক ন্যায়বিচারের পথে অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাও লুলাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি ব্রাজিলের জনগণের গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশংসা করেন।

বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাস বলেন, ব্রাজিল ও বলিভিয়া প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশ। অভিন্ন ইতিহাস ও নানা চ্যালেঞ্জ দুই দেশকে কাছাকাছি এনেছে। পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং উভয় দেশের জন্য নতুন সুযোগ তৈরিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান তিনি।

উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি লুলাকে বন্ধু হিসেবে সম্বোধন করে তাঁর বিজয়ের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়াকে গণতন্ত্রের উৎসব হিসেবে অভিহিত করেন তিনি।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোও ব্রাজিলের জনগণ ও লুলাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জনমত জরিপ, আগের নির্বাচনী নজির এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদ্যমান মনোভাবের ধারণাকে পেছনে ফেলে লুলার এ বিজয় এসেছে। লাতিন আমেরিকায় ডানপন্থি রাজনৈতিক শক্তিগুলোর নির্বাচনী সাফল্যের ধারার মধ্যেও তাঁর জয় বিশেষ গুরুত্ব পেয়েছে।

লুলার পুনর্নির্বাচনকে কেন্দ্র করে আঞ্চলিক নেতাদের অভিনন্দন বার্তায় ব্রাজিলের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহও প্রকাশ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts