নিউজ প্রবাসী ডেস্ক:
দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সোমবার (২৬ অক্টোবর) বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থ ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের কথা উল্লেখ করে এ আদেশ দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের স্বার্থে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
বদলির আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে।
এ ছাড়া বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।