নিউজ প্রবাসী ডেক্স:

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো’। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।

বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। সৌরপ্রযুক্তির প্রসার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এক্সপোর মূল লক্ষ্য।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ ও ইডকল যৌথভাবে আয়োজনটির প্রস্তুতি নিচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, এক্সপোতে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ি ও শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, সৌরচালিত সেচব্যবস্থা, বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি সরকারি সংস্থা, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানি ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে।

আয়োজকদের প্রত্যাশা, এক্সপোতে আটটি বিশেষায়িত অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টল ও প্যাভিলিয়নে সৌরপ্রযুক্তি, ইনভার্টার, ব্যাটারি ও সোলার মডিউল প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্লাটিনাম, গোল্ড ও সিলভার শ্রেণিতে পৃষ্ঠপোষকতার সুযোগও রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এ আয়োজনের মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে এবং দেশে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণে গতি আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts