নিউজ প্রবাসী ডেক্স:
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় আবারও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২৮ অক্টোবর) সকালে আল-মানসুরি, মাজদাল জুন ও আশপাশের উপত্যকায় গোলা নিক্ষেপ করা হয়। এ ছাড়া হাদাথা গ্রামের পূর্বাঞ্চলেও গোলা পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
এর আগের দিন মঙ্গলবারও দক্ষিণ লেবাননের আল-মানসুরি, মাজদাল জুন ও জিবকিন উপত্যকাসহ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের খবর প্রকাশিত হয়। হাদাথা ও আশপাশের এলাকাতেও সামরিক তৎপরতা চালানো হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া গত ২০ অক্টোবর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া যায়। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানায়, নাবাতিয়েহ, বিনতে জবেইল, মারজায়ুন ও টায়ার জেলার বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়েছিল। সে সময়ও তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৬ জুন একটি কাঠামোগত চুক্তি হয়। চুক্তির আওতায় পর্যায়ক্রমে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেনা সরিয়ে নেওয়া এলাকাগুলোতে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
তবে চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ও সামরিক তৎপরতার খবর অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়েও মতপার্থক্য রয়ে গেছে। ফলে অঞ্চলটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না।