আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ হাচিবুর রহমান নামে ৩৩ বছর বয়সী এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে মার্কিন কর্তৃপক্ষ। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড হতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে মামলার বিষয়টি জানানো হয়। মেরিল্যান্ডের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে অভিযোগ দায়েরের তথ্য প্রকাশ করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, হাচিবুর রহমান মার্কিন নাগরিক নন—এ বিষয়টি জানা থাকা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেন। ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল।

মার্কিন আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড হতে পারে। তবে সর্বোচ্চ সাজা নির্ধারিত থাকলেও বাস্তবে দণ্ডের মেয়াদ কম হতে পারে। মামলার প্রাসঙ্গিক আইন ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক সাজা নির্ধারণ করবেন।

তদন্তে সহযোগিতার জন্য এফবিআই এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ওয়াশিংটন ফিল্ড অফিসকে ধন্যবাদ জানিয়েছেন ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস। মামলাটি পরিচালনার দায়িত্বে থাকা সহকারী ইউএস অ্যাটর্নি ফিলিপ মোটসেকের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

তবে অভিযোগ দায়েরের অর্থ অপরাধ প্রমাণিত হওয়া নয়। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত হাচিবুর রহমান আইনত নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts