বিনোদন ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি তৈরি ও অপব্যবহারের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তাঁর মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আইন ও নিয়ন্ত্রণব্যবস্থা এগোতে পারছে না। বিশেষ করে ব্যক্তিগত ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে তৈরি কনটেন্ট সরানোর কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন।
সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন কৃতি। তিনি জানান, আসল ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবির মধ্যে পার্থক্য করা দিন দিন কঠিন হয়ে উঠছে।
কৃতির ভাষ্য, এআই দিয়ে তৈরি ছবি এখন এতটাই বাস্তবসম্মত যে অনেক ক্ষেত্রে আসল ছবির সঙ্গে এর তফাত বোঝা যায় না। প্রযুক্তির ভবিষ্যৎ সক্ষমতা মোকাবিলায় মানুষ এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন তিনি। এ কারণে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি সরানোর ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কৃতি। তাঁর দাবি, ইনস্টাগ্রামে নিজের এআই-নির্মিত ছবি দেখতে পেলে সেটি সরানোর জন্য অভিযোগ জানানোর উপযুক্ত বিকল্প খুঁজে পান না তিনি।
কৃতির মতে, প্রযুক্তি যত দ্রুত উন্নত হচ্ছে, সেই তুলনায় অভিযোগ নিষ্পত্তি ও ব্যক্তিগত অধিকার সুরক্ষার ব্যবস্থা গড়ে উঠছে না। ফলে এআইয়ের অপব্যবহারে ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।
এআই নিয়ে উদ্বেগ থাকলেও প্রযুক্তি ও উদ্ভাবনের বিরোধী নন কৃতি। তিনি একে শক্তিশালী একটি হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার কীভাবে করা হচ্ছে, সেটিই মূল বিষয়। তবে কোনো প্রযুক্তি যত শক্তিশালী হয়, তার অপব্যবহারের ঝুঁকিও তত বাড়তে পারে।
কৃতির মতে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনও হালনাগাদ করতে হবে। বিশেষ করে ব্যক্তিগত অধিকার যখন জড়িত, তখন এআইয়ের অপব্যবহার প্রতিরোধে কার্যকর সুরক্ষাব্যবস্থা থাকা জরুরি।