নিউজ প্রবাসী ডেক্স:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আব্দুস সালাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য জানান।
গ্রেপ্তার আব্দুস সালাম রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধার সাদুল্লাপুরের একটি মাদ্রাসার সাবেক সুপার।
ভুয়া পরীক্ষা, নিয়োগের আদেশও জাল
এসআরবির তথ্য অনুযায়ী, একটি চক্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অনুকরণে নকল ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে চাকরিপ্রার্থীরা আবেদন করেন। পরে তাঁদের নিয়ে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে নিয়োগ পরীক্ষা এবং রাজশাহীতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত দেখিয়ে ভুয়া নিয়োগ আদেশ প্রকাশ করা হয়। এ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রতারণার শিকার চাকরিপ্রার্থী মো. ফরহাদুল ইসলাম মন্ডল গত ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় আব্দুস সালামকে প্রধান আসামি করা হয়েছে। মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি।
জব্দ ল্যাপটপ ও চাকরিসংক্রান্ত কাগজপত্র
অভিযানের সময় একটি ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকের ফাঁকা পাতা এবং চাকরিসংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাশেদুল ইসলাম জানিয়েছেন, ওয়েবসাইট নকল করে নিয়োগের নামে প্রতারণার বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কুড়িগ্রাম সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ সব কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। চাকরি দেওয়ার নামে কেউ অর্থ বা বিশেষ সুবিধা চাইলে তা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
তদন্তে অভিযোগের পূর্ণাঙ্গ চিত্র ও প্রতারণায় অন্যদের সম্পৃক্ততার বিষয়টি আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।