নিউজ প্রবাসী ডেক্স:
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করার পর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়ে। পরে এটি স্থল গভীর নিম্নচাপ ও স্থল নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ভারতের ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে।