নিউজ প্রবাসী ডেক্স:

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডেই পাসের হার কমেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড। সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। বিপরীতে বরিশাল বোর্ডে এ হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বোর্ডটিতে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট।

ঢাকা বোর্ডেও গত বছরের তুলনায় ফলের অবনতি হয়েছে। ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ, যা এবার কমে দাঁড়িয়েছে ৬১ দশমিক ৮০ শতাংশে।

এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের ব্যবধান ১৬ দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট। গত বছর এ ব্যবধান ছিল ১৫ দশমিক ৭৬ শতাংশ পয়েন্ট।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯।

বোর্ডভিত্তিক ফলে রাজশাহীতে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪, যশোরে ৪৪ দশমিক ৯২, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭, সিলেটে ৫০ দশমিক ৯০ এবং ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ।

সমমানের দুই বোর্ডেও পাসের হার কমেছে। মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ, গত বছর যা ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৪৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ।

সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

এবার প্রথমবারের মতো নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রতিটি বোর্ডের জন্য পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts